জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুস আদায়, বদলি সিন্ডিকেট পরিচালনা এবং নামে-বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে নাম এসেছে ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. ইরফান আলী এবং এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ভ্যাট প্রশাসন) এদিপ বিল্লাহর।
অভিযোগে বলা হয়েছে, উত্তর বন্ড কমিশনারেটে থাকাকালে এদিপ বিল্লাহ ইরফান আলীকে প্রধান আস্থাভাজন হিসেবে ব্যবহার করতেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বন্ডেড ওয়্যারহাউজ থেকে ঘুস আদায়ের মূল মাধ্যম ছিলেন ইরফান আলী। রাজশাহীতে বদলির পর ছয় মাসের মধ্যে এদিপ বিল্লাহর হস্তক্ষেপে তাকে আবার এনবিআরে ফিরিয়ে আনার অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইরফান আলী শুল্কমুক্ত বন্ড সুবিধার ফাইল আটকে রেখে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চাপ প্রয়োগ করতেন। ‘সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড’ ও ‘রুপা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড’-এর মতো প্রতিষ্ঠানের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘুস না দিলে পণ্য খালাস ও ছাড়পত্র আটকে রাখা হত বলে দাবি করা হয়েছে।
সম্পদের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, ঝিনাইদহের কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ইরফান আলী স্বল্প সময়ে বিপুল সম্পদ অর্জন করেছেন। মাগুরার ভায়নার মোড় এলাকায় স্ত্রীর নামে ৫২ শতক জমি, উত্তরায় একটি ফ্ল্যাটসহ আরও জমি কেনার অভিযোগ রয়েছে। এ ছাড়া সোনা, সঞ্চয়পত্র এবং ব্যাংকে এফডিআর ও ডিপিএস রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তাদের কোনো বক্তব্য বা এনবিআরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুদক বিষয়টি অনুসন্ধানের আওতায় নেবে কি না, তাও এখনও স্পষ্ট নয়।