বাঘায় রাতের আধারে পেয়ারার বাগান কেটে সাবাড়

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী:
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
বাঘায় রাতের আধারে পেয়ারার বাগান কেটে সাবাড়
ছবি: FNS

রাজশাহীর বাঘায় রাতের আধারে পেয়ারার বাগান কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে ৪০টি পেয়ারা গাছ কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় বাগানের মালিক আবদুল আওয়াল বাদি হয়ে সোমবার বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আবদুল আওয়াল পাকুড়িয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

জানা গেছে, পাকুড়িয়া গ্রামের আবদুল আওয়াল পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী মাঠে বাৎসরিক লিজ নিয়ে ১৩ মাস আগে ২০ কাঠা জমিতে পেয়ারা বাগান করেন। এই বাগান রাতের আধারে কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি গাছে দুই/চারটি করে পেয়ারা আসতে শুরু করেছে। ৪০টি গাছে ৫ বছরে বাগান মালিকের প্রায় সাত থেকে আট লাখ টাকা ক্ষতি হবে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মানিক আহমেদ বলেন, আমড়া শ্বশুর-জামাই যৌথভাবে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে লোন নিয়ে পদ্মার চরে প্রায় ২০ বিঘা জমিতে পেয়ারার বাগান করেছি। পদ্মার চরে জমি পাহারাদাররা আমাদের কাছে চাঁদা দাবি করে। এ টাকা দিতে না চাওয়ায় তারা রাতের আধারে এক বিঘাতে রোপণ করা ৪০টি গাছ কেটে দিয়েছে। চাঁদা দিতে না চাওয়ায় তারা কয়েক বার ভয়ভীতি দেখান।

আবদুল আওয়াল বলেন, মাঠ পাহারাদারদের বাগান পাহারা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে। তাদের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।  

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, পেয়ারা বাগান কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে