ছোট ভাই হোসেন খান (৫৫) এর মরদেহ বাড়িতে এলে তাকে দেখে তাঁর বড় ভাই হাসেম খান (৬০) ও মারা যায়। একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে। এলাকাবাসী ও নিহতের চাচাতো ভাই মোতালেব হোসেন খান বলেন, আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল দশটার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই মোহাম্মদ হোসেন তাঁর ভাড়া বাড়িতে
দীর্ঘদিনের অসুস্থতায় ভোগে মারা যান। সেখানে জোহর নামাজ শেষে জানাজা দিয়ে তাকে নিজ বাড়িতে আনা হয় ও বিকেল তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফনের আয়োজন করা হয়। কিন্তু ছোটো ভাইয়ের মরদেহ দেখে একইদিন বিকাল ৩ টার দিকে বড় ভাই মোহাম্মদ হাসেম খানও মারা যান। নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট কাকা হাসান খান সোমবার সকালে দীর্ঘদিনের অসুস্থতায় ভোগে ১০ টার দিকে মারা যান। ছোট কাকাকে বাড়ি আনলে বড় কাকা চিৎকার করে বলেন, হে আল্লাহ আপনি আমার ভাইকে না নিয়ে আমারে নিয়ে যাইতেন।এরপর তিনি অচেতন হয়ে পড়েন। আধা ঘণ্টার ব্যবধানে বড় কাকা হাসেম খানও বিকাল তিনটায় মারা যায়। বড় কাকার দুই ছেলে ও এক মেয়ে এবং ছোট কাকার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আর ওনারা চার ভাই ছিলেন।
নবকলস এলাকার সোহেল প্রধান বলেন, একদিনে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে। এদিকে এশার নামাজ শেষে দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দুই সহোদর ভাইয়ের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।