ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, ময়মনসিংহ রেঞ্জের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ময়মনসিংহ রেঞ্জ ও শেরপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।ওইসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করে। এ ধরনের ক্রীড়া ও জনসম্পৃক্ততামূলক আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।