কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
ছবি: FNS

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তার জামিন হয়েছিল। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে। নিহত রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুন মাসে এবং অপরটি আগস্ট মাসে দায়ের করা হয়। কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার (৮ নভেম্বর) রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এজন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তারা পান তার মৃত্যুর খবর। মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘গতকাল রোববার তার জামিন হয়েছে। আজকে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। আমড়া সুনামগঞ্জে ছিলাম। সেখান থেকে শুনেছি, সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে মারা গেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এগারোটার দিকে। তিনি আরও বলেন, ‘রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। গতকাল বিজ্ঞ বিচারক চিঠিতে জানিয়েছিলেন, তিনি খুব অসুস্থ, তাকে আনা যাবে না। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বিচারক তাকে জামিনও দিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারাগারের ভেতরে থাকা কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে