নওগাঁর পত্নীতলা থানা পুলিশ সিথী রাত্রি (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তিনি নজিপুর পৌরসভা সদরের ঘোষপাড়া এলাকার মানিক চন্দ্র ঘোষের মেয়ে। স্বামী বিদেশ থাকায় সিথী রাত্রি তার বাবার বাড়িতে বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি সোমবার (৯ নভেম্বর) পূর্বরাত সাড়ে ১২টার দিকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির লোকজন কালিপূঁজা দেখতে মন্ডপে গেলে বাড়িতে সিথী তার দাদির সাথে ছিলেন। পরে তারা বাড়িতে ফিরে এসে সিথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার এসআই আব্দুর রউফ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি সিথী রানীকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।