পাসপোর্ট নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

এফএনএস (ঢাকা) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ পিএম
পাসপোর্ট নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার
ছবি: FNS

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষায়, শেখ হাসিনা একজন ‘সন্ত্রাসী’ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবর প্রকাশের পর প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না। দেশে ফিরতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।
শেখ হাসিনার পক্ষে কোনো লবিস্ট কাজ করলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু অর্থের বিনিময়ে কেউ তাঁর হয়ে কাজ করলে সেটি নৈতিকতার প্রশ্ন তৈরি করে। বাংলাদেশ স্পষ্টভাবে ভারতকে জানিয়েছে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন পাঠানো হয়।
আবেদনের চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নতুন নথি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহের ক্ষেত্রে এটি শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার সম্ভাবনা এবং প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে