গজারিয়া নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম
গজারিয়া নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
ছবি: FNS

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নিবিড় চর গ্রামে দিন-রাত সমান তালে চলছে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। একটি প্রভাবশালী ও অসাধু চক্র কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে এই মাটি কিনে নিয়ে সরাসরি সরবরাহ করছে বিভিন্ন ইটভাটায়। মাটি কাটার ফলে জমির মূল উর্বর অংশ চলে যাচ্ছে, যা আগামী কয়েক বছর এই অঞ্চলের ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। সরকারি কঠোর নির্দেশনা ও আইন থাকা সত্ত্বেও গজারিয়ার নিবিড় চর গ্রামে তা প্রকাশ্যেই লঙ্ঘন করা হচ্ছে। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুসারে, বাণিজ্যিক উদ্দেশে কোনো ব্যক্তি মালিকানাধীন জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে বা উত্তোলন করে জমির ক্ষতি সাধন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করে মাটি বা বালু উত্তোলনের অপরাধে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা অনধিক ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার স্পষ্ট বিধান রয়েছে। স্থানীয়দের ক্ষোভ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাটি খেকো চক্রটি এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। দীর্ঘদিন ধরে নিবিড় চর গ্রামের কৃষিজমি ধ্বংস করে এই অপকর্ম চললেও রহস্যজনক কারণে প্রশাসনের কোনো ভূমিকা বা জোরালো অভিযান চোখে পড়েনি। প্রশাসনের এই নীরব ভূমিকায় অসাধু চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী কৃষকরা কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ক্ষতি রোধে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ মাটি কাটা বন্ধ করা এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে