গ্রামের বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের। ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ছিনতাইকারী কবলে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। পরে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল শিক্ষকের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শাজাহান। সে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এবং এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী। নিহত আনোয়ার হোসেন পুরাণ ঢাকার মিলাতি স্কুলের শিক্ষক ছিলেন। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মেজো ভাই আক্তার হোসেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুল শিক্ষক আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ব্রহ্মপুত্র ট্রেনের ভিড় থাকায় ছাদে ভ্রমণ করেন। ছাদে ভ্রমণকালে কমলাপুর - বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ছিনতাইকারী কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শিক্ষক আনোয়ার হোসেন বাড়িতে না ফেরার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর পায়। শিক্ষক আনোয়ার হোসেনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও কান্দিপাড়া গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এছাড়াও এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।