যানজট নিরসন ও সেনবাগ বাজার গড়তে শোভাবর্ধনকারী গাছ বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ পিএম
যানজট নিরসন ও সেনবাগ বাজার গড়তে শোভাবর্ধনকারী গাছ বিতরণ

নোয়াখালীর সেনবাগ পৌরবাজারে যানজট নিরসন, সৌন্দর্যবর্ধন ও একটি পরিকল্পিত বাজার গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে টবসহ শোভাবর্ধনকারী গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সেনবাগ পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহজাহান কামাল, বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, সেনবাগ বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি মো. শাহজাহান, হাজি জাফর আহমেদসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। সভায় সেনবাগ বাজারের যানজট নিরসন, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও পরিকল্পিতভাবে বাজার পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বাজারের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ব্যবসায়ীদের হাতে টবসহ শোভাবর্ধনকারী গাছ তুলে দেওয়া হয়। প্রতিটি দোকানের সামনে এসব গাছ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারের পরিবেশ আরও সুন্দর ও নান্দনিক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে