বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ইজিবাইক চার্জের ব্যাবসা পরিচালনার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা।
এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ তার ও ইজিবাইকের অসংখ্য চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান। ঘটনাটি ঘটেছে গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লায়। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, দিয়াশুর গ্রামের মহিউদ্দীন মুন্সীর ছেলে রিয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ইজিবাইক চার্জের ব্যাবসা পরিচালনা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা রিয়াজ উদ্দীনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে কৌশলে রিয়াজ উদ্দীন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও ইজিবাইকের অসংখ্য চার্জার জব্দ করা হয়।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান জানান, এর আগেও একই ধরনের অভিযোগে রিয়াজ উদ্দীন ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। সর্বশেষ অভিযানের ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিজিএম উল্লেখ করেছেন।