ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ ইং বিকেলে পুরানবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক দর্শক টানটান উত্তেজনাকর এই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাটি অত্যন্ত উৎসাহের সাথে উপভোগ করেন। এ প্রতিযোগিতায় মোট চারটি কাবাডি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে মুখোমুখি হয় পুরাণ বাজার লোহারপুল বন্ধু মহল বনাম লোহারপুর একাদশ ক্লাব। রোমাঞ্চকর এই ফাইনালে লোহারপুল বন্ধু মহল ৪০-২৯ পয়েন্টের ব্যবধানে লোহারপুর একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় লোহারপুর একাদশ ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক উপস্থিত থাকার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত জরুরি সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি।
তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা, চাঁদপুর সদর দাসাদীর কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল। জেলা বিএনপির কাবাডি প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক মো. শাহজাহান কবির খোকা-র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: জেলা চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার (সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি),জসীমউদ্দীন খান বাবুল ও দেওয়ান মো. সফিকুজ্জামান (সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি), আক্তার হোসেন মাঝি (সভাপতি, চাঁদপুর পৌর বিএনপি) ও অ্যাড. নুরুল আমিন খান আকাশ (সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা যুবদল)
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গভীর তাৎপর্য তুলে ধরে বলেন, "১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা পেয়েছিল। ৭ই নভেম্বর আমাদের আত্মত্যাগের ও জাতীয় ঐক্যের প্রেরণা জোগায়।"
পাশাপাশি, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতি এবং খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রামীণ ঐতিহ্যের এই খেলাগুলোকে টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ক্রীড়াবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, মাইদুল ইসলাম মফিক বেপারী, জেলা বিএনপির সদস্য সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম ছৈয়াল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাঝি, আনিস বেপারী, আসলাম তালুকদার, তাছির বেপারী, মো. দুলাল খান, সৈয়দ আহম্মদ,১১ নং ওয়ার্ডের মনির হোসেন, ৫ নং ওয়ার্ডের ফরিদ কালু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী জনসাধারণ। খেলা পরিচালনা করেন ওয়াহিদুর রহমান লাবু, ইকরামুল হক, জাকির হোসেন খান শিপন ও সুমন গাজি। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সেরা খেলোয়াড় সহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।