মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় তা ওপরের দিক থেকে উল্টে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এই দুর্ঘটনার পর দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিহত তিন বাংলাদেশি শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
মরিশাসের গণমাধ্যমের তথ্যানুযায়ী, ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের কর্মীরা একটি কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকৃতির ৪১টি ভারী কাচের পাতযুক্ত একটি বিশাল বাক্স সরানোর কাজ করছিলেন। নামানোর একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি তাদের ওপর পড়ে যায়। কাচসহ বাক্সটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।