এসআরবি-৫ এর অভিযান

পদ্মার চরাঞ্চলে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম
পদ্মার চরাঞ্চলে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলের একটি আখক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় এ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও  ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলের একটি আখক্ষেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে অভিযান পরিচালনা করে দলটি।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র দুটি বিধি অনুযায়ী জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা। উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে