দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইঞ্জেকশন প্রদান করা হয়েছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের তত্তাবধানে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে আক্রান্ত রোগী সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।জানা গেছে, বিশ্বব্যাপী হার্ট অ্যাটাক মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্বে এ প্রতি বছর প্রায় ৯.৫ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাকের রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসতে পারলে স্ট্রেপ্টোকাইনেজ নামক ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালীর রক্তজমাট গলিয়ে পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা করা যায়। এই চিকিৎসার মাধ্যমে রোগীর মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যতে হৃদ্যন্ত্রের বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানোও সম্ভব।
চলতি বছরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম-এর পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য স্ট্রেপ্টোকাইনেজ ইঞ্জেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।
এর আগেও একজন জরুরি হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইঞ্জেকশন প্রদান করেন ডাঃ নাজমুস সাকিব (মেডিকেল অফিসারÑরোগ নিয়ন্ত্রণ)। সফল থ্রোম্বোলাইসিস ও পরবর্তী চিকিৎসা সম্পন্ন হওয়ার পর রোগীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একজন সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা এবং ভবিষ্যতে হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে বলে জানান ডাঃ সাইফুল ইসলাম। তাই বুকের ব্যথাকে অবহেলা নয়।
সময়ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসার পরামর্শ দেন তিনি।