গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদে জমি নিয়ে বিরোধের জেরে বোনের বসতভিটা বেকু (এক্সকাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধনের অভিযোগ করেছেন ভুক্তভোগী নাছরিন সুলতানা। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী নাছরিন সুলতানা জানান, তার বাবা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে জমি লিখে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করে গত চার বছর ধরে বসবাস করছেন তিনি। গত ২ নভেম্বর রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে তার ভাইয়েরা বেকু দিয়ে বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি তার।
নাছরিন বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে বাড়িতে এসে দেখি, আমার ঘর ও মালামাল সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।’
অভিযোগ সূত্রে জানা যায়, নাছরিন সুলতানা (৩৫) কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বাসিন্দা। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছে। অভিযোগে মমিন সরকার (৩৩), বিলাল হোসেন (৪০), রশিদা (৩৬), নাদিয়া (২০) ও রশিদ (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে।