দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮২ জনের।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬৩।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতে তৈরি। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা হয় না। ফলে দেশে হাম আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন।