কয়লার ধুলায় অতিষ্ঠ ব্যবসায়ীরা, সিন্ডিকেটের ভয়ে মুখ খুলছেন না কেউ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ এএম
কয়লার ধুলায় অতিষ্ঠ ব্যবসায়ীরা, সিন্ডিকেটের ভয়ে মুখ খুলছেন না কেউ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পুরাতন ফেরিঘাট এলাকায়  কয়লার গদির অনিয়ন্ত্রিত ধুলোবালিতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে চলে আসা এই পরিবেশ দূষণের কারণে একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে ধুলার আস্তরণে নষ্ট হচ্ছে দোকানপাটের মালামাল।  ফলে দিন দিন লোকসানের মুখে পড়ে হারিয়ে যেতে বসছে স্থানীয় শত শত ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন।

ভুক্তভোগীদের অভিযোগ, কয়লা নামানো ও বহনের সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা বা পানি ছিটানো হয় না। ফলে পুরো এলাকা কয়লার কালো ধুলায় অন্ধকার হয়ে থাকে। তবে এই অনিয়মের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউই।  স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানদার জানান, "কথা বললেই ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

আমরা গরিব মানুষ, মার খেয়েও মুখ বুজে সহ্য করতে হচ্ছে।" এই কয়লা ব্যবসার পরিবেশগত প্রভাব ও বৈধতার বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া জানান, বিষয়টি প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে। 

তিনি বলেন, "আমরা পুরো ব্যবসা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছি। তাদের বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। আইন অমান্য করে বা পরিবেশ দূষণ করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।" ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত যেন এই সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো হয় এবং পরিবেশ রক্ষায় কয়লার গদিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে