নীলফামারী জেলায় মাদক থাকবে না,তথ্য দিন ব্যবস্থা নিব: পুলিশ সুপার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬, ০১:৪৮ পিএম | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০১:৩৯ পিএম
নীলফামারী জেলায় মাদক থাকবে না,তথ্য দিন ব্যবস্থা নিব: পুলিশ সুপার

নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকায় একসময় মাদকের বিস্তার ছিল উদ্বেগজনক। বিশেষ করে সৈয়দপুর উপজেলায় মাদকের ভয়াবহতা ছিল বেশি। শহরের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ ছিল দীর্ঘদিনের। সম্প্রতি নীলফামারী জেলা পুলিশ সুপার হিসেবে মো. ফরহাদ হোসেন খান যোগদানের পর মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। জেলার অন্যান্য উপজেলায় মাদকবিরোধী অভিযানের সফলতা কতটুকু এসেছে, তা জানা না গেলেও সৈয়দপুরে পুলিশের তৎপরতায় মাদকের বিস্তার অনেকটা কমেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিশেষ করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) রেজাউল করিম রেজার কঠোর অবস্থান ও নিরলস প্রচেষ্টায় মাদকবিরোধী কার্যক্রমে গতি এসেছে। পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আবার কেউ কেউ গ্রেপ্তারের ভয়ে এলাকা ছেড়েছেন। ফলে আগের তুলনায় সৈয়দপুরে মাদকের কেনাবেচা ও বিস্তার অনেকটা কমেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মো.ফরহাদ হোসেন খান বলেন, নতুন প্রজন্মকে যারা তিলে তিলে শেষ করছে, সেই মাদক ব্যবসায়ীদের ঠিকানা নীলফামারী জেলায় হবে না। পুলিশ সুপার হিসেবে আমার স্পষ্ট ঘোষণা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। মাদকের তথ্য দিন, ব্যবস্থা আমরা নেব। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের এমন কঠোর অবস্থানের পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে