কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০২ পিএম
কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আহসাননগর গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কটি নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা কাটছে না। ​সরেজমিনে দেখা যায়, আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় থেকে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি। পুরো রাস্তায় বড় বড় খানাখন্দ, বিপজ্জনক গর্ত আর কাদা-পানির কারণে এটি এখন পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই গ্রামটিতে বেশ কয়েকজন সেনা সদস্য ও কৃষি কর্মকর্তার বাসাবাড়ি রয়েছে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে তারা ঈদের ছুটি বা অন্য সময়ে বাড়িতে আসতে চরম বিড়ম্বনার শিকার হন। এছাড়া গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র এই এলাকার কৃষকদের উৎপাদিত ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য মাঠ থেকে বাড়ি আনা এবং বাজারজাত করতে মারাত্মক কষ্ট পোহাতে হয়। বর্ষা মৌসুমে বা সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং কিছু কিছু অংশ ভেঙে সরাসরি পুকুরের মধ্যে চলে গেছে। জরুরি মুহূর্তে কোনো গর্ভবতী মা বা গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতিও থাকে না। অনেক সময় সময়মতো হাসপাতালে নিতে না পারায় রোগীদের বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। রাস্তাটির এমন করুণ অবস্থার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতকারী শিক্ষার্থীরাও নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের দাবি, সাধারণ মানুষ রাস্তাঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে চায়। স্বাধীনতার সুদীর্ঘ বছর পরও একটি জনপদ এভাবে অবহেলিত থাকতে পারে না। জনদুর্ভোগ লাঘবে আহসাননগর গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য তারা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে