বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে আনজেরা বেগম (৩০) ও বিধবা নাইমা সুলতানা (৩১) নামে অন্তঃসত্বা দুই নারীকে মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে জসিম খান ও জহির খান নামে দুই সহোদরের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুই নারীর অভিযোগ, বাড়ির জমি নিয়ে জসিম খান ও জহির খানের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৩ অক্টোবর আনজেরা বেগমের স্বামী সজিব খান তাঁর কর্মস্থল কেআর কলেজে ভোরবেলায় আকস্মিকভাবে মারা যান।
তাঁদের দাবি, বুধবার সকালে জসিম ও জহিরসহ চার-পাঁচজন তাঁদের বাড়ির জমি দখল করতে এলে তাঁরা বাধা দেন। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
আহত দুই নারী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ওই বিষয়ে বাড়িতে গিয়েও প্রতিপক্ষকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।