মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অটোচালক মঞ্জুর মিয়াকে (মৃত মজিদ মিয়ার ছেলে) বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জুর মিয়া দীর্ঘদিন ধরে অটোরিকশা চালানোর আড়ালে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এর আগেও গজারিয়া থানা পুলিশ তাকে একাধিকবার গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় এই মাদক ব্যবসা শুরু করেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুয়াকান্দী উত্তর পাড়া এলাকা থেকে মাদকসহ আটক করা হয়।
জানা যায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি উত্তরপাড়া মৃত মজিদ মিয়ার ছেলে, মঞ্জুর। তার বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে গজারিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাদিউজামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জুর মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে গজারিয়া থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। জামিনে মুক্ত হয়ে তিনি বারবার একই অপরাধে জড়িয়ে পড়েন। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।