সৌদি আরবে পবিত্র ওমরাহর ইহরাম পরিহিত অবস্থায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুফতী নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁর গ্রামের বাড়িতে আসেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর ওলামা বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় নিহতের এতিম সন্তানদের কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেন এবং পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করেন। নিহত নাসরুল্লাহর বাবা মাওলানা হাফেজ মোহাম্মদ উল্লাহ ও বড় ভাই মাওলানা আহছানউল্লাহর সঙ্গে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও তাঁদের আশ্বস্ত করেন তিনি। পরে একই হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা নাসরুল্লাহর চাচাতো ভাই মাওলানা দাউদ বিন মহিবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান আব্দুল গফুর ভূঁইয়া। এ সময় আহত দাউদের প্রতি সমবেদনা জানান এবং তাঁকেও নগদ অর্থসহায়তা দেন।