চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ৬০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারসংলগ্ন মেঘনা নদীতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নিষিদ্ধ ও অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল ৬০০ মিটার, নিষিদ্ধ চায়না চাই ৮০ মিটার এবং মশারি জাল ৫০ মিটার উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১)(২)(খ) ও ৫(১) ধারায় ছয়টি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।