পাঁচ দিনের আনন্দ, ভক্তি আর সম্প্রীতির মিলনমেলা শেষে বিদায়ের সুরে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটে সমাপ্তি ঘটে দুর্গোৎসবের। এদিন সিঁদুর খেলা, পূজা-অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। পরে শুরু হয় প্রতিমা বিসর্জন।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুধবার বিকেল থেকে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন শুরু হয়। এর আগে নগরীর নাইওরপুল পয়েন্টে রামকৃষ্ণ মিশনসহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিদায়বেলায় ভক্তরা দেবী দুর্গার কপালে তেল ও সিঁদুর পরিয়ে, পান ও মিষ্টিমুখ করিয়ে আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান। পাশাপাশি একে অপরের কপালে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। এ সময় তাঁরা নিজেদের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। আনন্দের আবহের পাশাপাশি দেবীকে বিদায় জানানোর মুহূর্তে ভক্তদের মধ্যে ছিল বিষাদের ছোঁয়া।
বুধবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রতিমা বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।
এর আগে বিকেল ৩টা থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হয় কিনব্রিজের নিচে। একে একে জড়ো হতে থাকে প্রতিমাবাহী ট্রাক। ঢাক-ঢোলের বাদ্য, ভক্তদের উচ্ছ্বাস আর ধর্মীয় সংগীতের আবহে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। পরে বিকেল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিমা বিসর্জন।
বিজয়া দশমীর এই আয়োজনে একদিকে যেমন ছিল দেবী দুর্গাকে বিদায় জানানোর আবেগ, অন্যদিকে ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে রয়ে গেল আগামী বছরের দুর্গাপূজার প্রতীক্ষা।
এ বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৭৪টি পূজামণ্ডপের মধ্যে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপ রয়েছে। অন্যদিকে, সিলেট মহানগরীতে ১৬২টি পূজামণ্ডপের মধ্যে ১৪৬টি সর্বজনীন এবং ১৬টি পারিবারিক মণ্ডপ। গত বছর জেলা ও মহানগর মিলিয়ে ৬১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি।