চাটমোহর পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর,শুক্রবার। দিনব্যাপী এই উৎসব বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ দেশের বিভিন্ন স্থানে নানা পেশায় কর্মরত বিদালয়ের প্রাক্তন শিক্ষার্থী। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি বিদ্যালয় নয়,এটি চলনবিল অঞ্চলের নারী শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য স্মারক। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বিগত ৬২ বছর যাবত নারী শিক্ষার আলো ছড়াচ্ছে। পুণর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব মোছাঃ আনোয়ারা বেগম দিনব্যাপী অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা ঐতিহ্যবাহী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে সকলেই সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।