রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি দল। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে সন্দেহজনক অবস্থায় সিমেন্টের একটি বস্তা পড়ে থাকতে দেখেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। পরে সেখানে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল রঙের কসটেপে মোড়ানো এবং ৩৯টি কালো রঙের কসটেপে মোড়ানো ছিল। সবগুলোই হাতে তৈরি তাজা ককটেল বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।