খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে- মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহজাহান শরীফ (৩৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে দিঘলিয়ার দিকে না নিয়ে তাকে স্থানীয় শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।