সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর যাবেন প্রধানমন্ত্রী, অভ্যর্থনার প্রস্তুতি বিএনপির

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৯ পিএম
সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর যাবেন প্রধানমন্ত্রী, অভ্যর্থনার প্রস্তুতি বিএনপির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নীলফামারীর সৈয়দপুরে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। প্রিয় নেতাকে একনজর দেখতে নারী-পুরুষসহ সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সবার সঙ্গে নম্র ও সৌজন্যপূর্ণ আচরণ করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সুযোগ পেলে সৈয়দপুরের উন্নয়ন ও স্থানীয় মানুষের প্রত্যাশার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।

তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে নিয়ামতপুর বাস টার্মিনাল হয়ে কামারপুকুর পর্যন্ত সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হবে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতিও থাকবে। 

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা সার্বক্ষণিক নিরাপত্তাসংক্রান্ত খোঁজখবর রাখছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সৈয়দপুরবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের প্রত্যাশা করছেন অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে