প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজসজ্জায় নগরী, বরণে প্রস্তুত রাজশাহী

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:২৭ পিএম
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজসজ্জায় নগরী, বরণে প্রস্তুত রাজশাহী
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সড়কের বিভাজকে নতুন রং, পুরোনো স্থাপনায় তুলির আঁচড় আর পরিচ্ছন্নতা কার্যক্রমে বদলে যাচ্ছে নগরীর চিত্র প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে রাজশাহীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে সাজসজ্জার কাজ। কোথাও সড়কের বিভাজকে রং করা হচ্ছে, কোথাও চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নগরীকে দৃষ্টিনন্দন করে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরবাসীর মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাদের প্রত্যাশা, পরিচ্ছন্ন ও সুন্দর নগরীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পারবেন। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তার আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, সফরে নগরীর ধর্মসভা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে মন্দির কমিটি।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাজশাহী সিটি করপোরেশনও (রাসিক) পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করেছে। সড়ক বিভাজকে রং করা হচ্ছে। প্রয়োজনীয় সড়ক সংস্কারের পাশাপাশি বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। নগরীর পরিবেশ উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাজশাহীতে এটিই প্রথম সফর। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, তাঁর এই সফর রাজশাহীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’ তিনি আরও বললেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজও জোরদার করেছে সিটি করপোরেশন। বিপুল জনসমাগম ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে চান তাঁরা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁকে বরণ করে নিতে রাজশালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই, পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন নগরীর মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং সফরটি স্মরণীয় করে রাখতে।’ তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর মতে, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও সফরটি নতুন আশার বার্তা নিয়ে আসতে পারে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বললেন ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য রাজশালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং পরিবেশ উন্নয়নের কাজ চলছে। মাঠপর্যায়ের নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নগরীর সাজসজ্জা ও মানুষের আগ্রহের মধ্য দিয়ে সেই আবেগের প্রতিফলন ঘটছে। প্রিয় নেতাকে একনজর দেখতে অনেক মানুষ অপেক্ষা করছেন। তাদের মধ্যে নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে প্রত্যাশাও রয়েছে। রংমিস্ত্রি আমিনুল ইসলাম বললেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তাঁকে স্বাগত জানাতে আমরা তুলির আঁচড়ে নগরীকে রাঙিয়ে তুলছি। কাজটি করতে পেরে ভালো লাগছে। আমরা চাই, প্রধানমন্ত্রী এসে আমাদের সুন্দর ও পরিচ্ছন্ন নগরী দেখুন।’ উল্লেখ্য, দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, নগরীর রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিমান অবতরণের স্থান, ভিআইপিদের যাতায়াতের রুট, ধর্মসভা মন্দির, সার্কিট হাউজ এবং জনসভাস্থলে পৃথক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগরীর সাজসজ্জা, বিভিন্ন কর্মসূচি এবং মানুষের প্রত্যাশায় ফুটে উঠছে তাকে বরণ করে নেওয়ার আয়োজন।
আপনার জেলার সংবাদ পড়তে