শ্রীমঙ্গল পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। পৌর প্রশাসনের উদ্যোগে এবং পৌর বিএনপির সহযোগিতায় শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলমসহ অন্যন্যরা অভিযানে অংশ নেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা ও পরবর্তী সময়ে শহরের যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত থেকে হকার ও সড়ক থেকে ভ্যানগাড়ি সরিয়ে দিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।