দিঘলিয়ায় শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ১২:২৪ এএম
দিঘলিয়ায় শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার ছিল দেবী দূর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমনের দিন মহালয়া। শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খুলনার দিঘলিয়ায়ও আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপূজা।

এ বছর দিঘলিয়ায় ৬১টি পূজামন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপূজা। এ বছর সরকারিভাবে প্রতিটা মন্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দূর্গাপূজা চলাকালীন প্রতিটা পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটা পূজা মন্ডপে ৬/৮ জন করে আনসার মোতায়েন থাকবে। পূজামন্ডপ কমিটির পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপে ১২ জন করে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে। পুলিশের ভ্রাম্যমান টিম সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে। পাশাপাশি কিছু কিছু পূজা মন্ডপে পুলিশের টিম স্থায়ীভাবে মোতায়েন থাকবে। দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, মন্ডপে মন্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের দূর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এ প্রতিবেদককে জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নামাজের সময় মণ্ডপের সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। এ ছাড়া পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা উদযাপন-সংক্রান্ত জরুরি যোগাযোগ ও সমন্বয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে বলে জানান তিনি। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ নম্বর সরবরাহ করা হবে, যাতে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া যায়। তিনি আরও জানান, পূজাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে দিঘলিয়ার পূজামণ্ডপগুলোতে চলছে নানা প্রস্তুতি। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের এ প্রধান ধর্মীয় উৎসব।

আপনার জেলার সংবাদ পড়তে