লালপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা

‘চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে চাই’

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ পিএম
‘চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে চাই’

চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান ঘটিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে প্রাধান্য দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার অঙ্গীকার করেছেন বক্তারা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদের পরিচিতি সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।  শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনপদের মানুষের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। জন্মনিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদ প্রদান থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন-বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইউনিয়ন পরিষদের সেবা যেন সাধারণ মানুষের অধিকার হিসেবে নিশ্চিত হয়, সে বিষয়ে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয় করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখাও জরুরি।

তিনি আরও বলেন, অসহায় মানুষের সরকারি সহায়তা নিশ্চিত করা এবং নাগরিকদের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেন এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাঈদ।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি বাড়াতে হবে। সাধারণ মানুষ যাতে নাগরিক সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য জনপ্রতিনিধিদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১ নম্বর লালপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. কামরুজ্জামান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে