রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০২:৫০ পিএম
রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

রাজশাহীর বাগমারায় সার ডিলার নিয়োগে অনিয়ম, সন্দেহজনক ট্রেড লাইসেন্স এবং সুপারিশ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এক ডিলার প্রার্থী। গত ১৫ অক্টোবর জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন ১৬ নম্বর সোনাডাঙ্গা ইউনিয়নের মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল ইমরান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায় একজন প্রার্থীকে জেলা কমিটির সুপারিশে প্রথম স্থানে মনোনীত করা হয়েছে। তবে ওই প্রার্থীর ট্রেড লাইসেন্সের বৈধতা এবং নির্ধারিত স্থানে গুদাম থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সটি ইস্যু করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করার সময় কমিটির অন্য সদস্যদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হতে সংশ্লিষ্ট নথিপত্র ও সুপারিশ প্রক্রিয়ার কার্যবিবরণী যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এর আগে বাগমারায় আতিয়ার ট্রেডার্সের মালিক আজিজুল ইসলামের সার ডিলারশিপ পাওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় কৃষকদের দাবি, নিজস্ব গুদাম থাকা এবং সংশ্লিষ্ট ইউনিয়নে বসবাসের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তিনি ডিলারশিপ পেয়েছেন। সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক দাবি করেন, আতিয়ার ট্রেডার্সের নামে ব্যবহৃত ট্রেড লাইসেন্সটি তাঁর পরিষদ থেকে ইস্যু করা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, লাইসেন্সটি জাল। তবে আজিজুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগগুলোর বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স, গুদামের অবস্থান, নিয়োগসংক্রান্ত নথি এবং সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে