মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ‘ক্লাস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস আহমেদ, বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার, সহকারী শিক্ষক রকিবুল আইয়ুব,সহকারী শিক্ষিকা শাহীদা আক্তার, বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ মো: আমিরুল ইসলাম নয়ন, তোফাজ্জল হোসেন সরকার, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোকে রঙিন বেলুন, কাগজের ফুল ও নান্দনিক নকশায় সাজিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে এই আনন্দ উপভোগ করেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে খুদে শিক্ষার্থীরা একক ও দলগতভাবে গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও চমৎকার নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ক্লাস পার্টির আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার ও মিষ্টি বিতরণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা এমন সুন্দর ও আনন্দদায়ক আয়োজনের জন্য বিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।