খুলনায় সাজমীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৫৯ পিএম
খুলনায় সাজমীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

খুলনার নগরীতে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে সাজমীর ইসলাম (১৮) নামের এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে মহানগরীর (কেএমপি) খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা এবং ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিব (২১)।

এসআরবি-৬ খুলনার মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের শিকার  সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আকাশ ও সাকিবসহ তাদের সহযোগীরা সাজমীরের বিরুদ্ধে ১ লাখ টাকা চুরির অপবাদ দেয়। একপর্যায়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা সাজমীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল সাজমীর হত্যা মামলার এজাহারনামীয় উক্ত দুই আসামিকে আটক করে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে