মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:২৩ পিএম
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন,মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে আব্দুস শুকুর ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ঢাকা মেট্রো-হ-১১-১০২৬ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বামন্দী আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদিদ মোরশেদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতের পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে