দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় দেবহাটায় সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং এ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই শহর আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।