দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম
দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সূচনা উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি ভার্চুয়াল মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ই এলাহী স্পিকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনুযায়ী হতদরিদ্র ও নিম্ন আয়ের, নারী প্রধান, বিশেষ চাহিদা সম্পন্ন বা ঝুঁকিপূর্ণ, শ্রমজীবী ও ভূমিহীন, বিশেষ বয়স ও অভিবাসী পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাবে।

এ সময় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজাররাও সভায় অংশ নেন। মতবিনিময় সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। এ সময় কার্যক্রমের বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে