বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত একটি কমিটির মাধ্যমে এটি সম্পাদন হবে। আমরা কিছু ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন (অভ্যন্তরীণ পুনর্বণ্টন) অ্যালাউ (অনুমোদন) করেছি।
তিনি আরও বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মে’র মধ্যে সম্পন্ন হবে।