নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:৪৭ পিএম
নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে রাতের সড়কে চলাচলকারী চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে এসব যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গভীর রাতে সড়কে গাছ ফেলে যানবাহন আটকে ভাঙচুর ও লুটপাটের এ ঘটনায় ওই এলাকার সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা রাতের বেলায় সড়কে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে