নারীদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দারুণ এই জয়ের সুবাদে ফাইনালে চলে গেছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলে ৪৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। বাকিদের মধ্যে ৪০ বলে ৩২ রান করেছেন শিরিনা খাতুন। শেষ দিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন সাদিয়া আক্তার। নিশিতা আক্তার নিশি করেছেন ২০ বলে ২০ রান। জবাব দিতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চাপে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ওপেনার রাভাইল ফারহান বাদে কেউ সুবিধা করতে পারছিলেন না। ২৬ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন রাভাইল। তবে বাকিরা টিকতে পারেননি। ৩২ বলে ২৩ রান করেন আকসা। এছাড়া ১৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন রোজিনা। ধুঁকতে ধুঁকতে এগিয়েছে পাকিস্তানের ইনিংস। সাথে নিয়মিত বিরতিতে হারিয়েছে একের পর এক উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট তুলেছেন ফারজানা ইয়াসমিম মেধা। এছাড়া ২ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ১টি করে উইকেট শিকার করেছেন আফরিন মিম, অপর্ণা দাস তিথি এবং জান্নাতুল ফেরদৌসি। দারুণ এই জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ দল। নিশ্চিত করে ফেলেছে ফাইনালও। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে টাইগ্রেসরা, বাদ স্বাগতিক পাকিস্তান।