গোকর্ণ ইউনিয়নে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
গোকর্ণ ইউনিয়নে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার অনুমোদিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে নাগরিকবান্ধব বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার চৈয়ারকুড়ি বাজারে উদ্যোক্তা  সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির। উপজেলার গোকর্ণ ইউনিয়নের  সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিসির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম খালেদ, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ মাহমুদ উল্লাহ।

পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মোহাম্মদ অজিদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশিষ্ট সমাজ সেবক হুমায়ূন রাজা চৌধুরী, স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ লোকমান হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান খসরু,প্রধান শিক্ষক হোসাইন আহমেদ,উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক এখলাছ পাঠান, প্রাথমিক শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান চৌধুরী, চৈয়ারকুড়ি সমাজ কল্যান সংঘের সাংগঠনিক এরশাদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন   ।

এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন,খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন,তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা। উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান,এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে।

প্রযুক্তিতে যারা দক্ষ,তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। এতে করে সাধারণ নাগরিক উপকৃত হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে