বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

এফএনএস বিনোদন | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

পর্দায় টম ক্রুজ মানেই দুঃসাহসিক স্টান্ট, অ্যাকশন আর বক্স অফিসে বড় সাফল্য। কিন্তু এবার সেই পরিচিত সমীকরণ ভেঙে দিয়েছে তার নতুন সিনেমা ‘ডিগার’। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিবেশবিষয়ক স্যাটায়ার ছবিটি বড় বাজেট নিয়েও বক্স অফিসে হতাশ করেছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলার বাজেটের পাশাপাশি প্রচারণায় আরও ১০০ মিলিয়ন ডলার খরচ হলেও মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় মাত্র ২০ মিলিয়ন ডলার। ‘ডেডলাইন’-এর হিসাব অনুযায়ী, শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্সের লোকসান প্রায় ১৫০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। টম ক্রুজের মতো মেগাস্টারের পাশাপাশি রিজ আহমেদ ও সান্ড্রা হুলারের মতো অভিনেতারা থাকলেও দর্শক কেন ছবিটি গ্রহণ করলেন না, তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে, এর অন্যতম কারণ ক্রুজের পরিচিত অ্যাকশন ইমেজ থেকে হঠাৎ সরে যাওয়া। ‘ডিগার’-এ ভারী মেকআপ ও প্রস্থেটিক্স ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে ক্রুজকে। গ্রিনল্যান্ডে নিজের ভুল সিদ্ধান্তের কারণে পরিবেশগত বিপর্যয় ঘটানো এক খামখেয়ালী তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাধারণত যে ধরনের সুদর্শন নায়ক বা অ্যাকশন তারকা হিসেবে দর্শক তাকে দেখতে অভ্যস্ত, এই চরিত্র তার সম্পূর্ণ বিপরীত। বিশ্লেষকদের মতে, বড় তারকারা চেনা গণ্ডি ছেড়ে পরীক্ষামূলক চরিত্রে অভিনয় করলে অনেক সময় সাধারণ দর্শকের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অতীতে সালমান খানের ‘টিউবলাইট’ কিংবা শাহরুখ খানের ‘ফ্যান’-এর ক্ষেত্রেও এমন অভিজ্ঞতা দেখা গেছে। ‘ডিগার’-এর ক্ষেত্রে কোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বা বড় অ্যাকশন দৃশ্যও দর্শক টানার বাড়তি সুবিধা দিতে পারেনি। এর সঙ্গে যোগ হয়েছে ছবিটির দুর্বল ও দ্বিধাগ্রস্ত মার্কেটিং। প্রথমে উচ্চমার্গের শিল্পধর্মী সিনেমা হিসেবে প্রচারণা চালানোর পর দর্শকের প্রতিক্রিয়া বুঝে সেটিকে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপনের চেষ্টা করে ওয়ার্নার ব্রাদার্স। ফলে সিনেমাটির পরিচয় নিয়েই দর্শকদের মধ্যে তৈরি হয় সংশয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও অতিরিক্ত নীতিশিক্ষামূলক উপস্থাপন ও অসামঞ্জস্যপূর্ণ গল্প ছবিটির গতি নষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সব মিলিয়ে বড় বাজেট, তারকাবহুল কাস্ট ও নির্মাতার খ্যাতি সত্ত্বেও ‘ডিগার’ এখন ২০২৬ সালের অন্যতম আলোচিত বাণিজ্যিক ব্যর্থতার পথে।