আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদক অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাবী এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল’-এর সদস্যবৃন্দ শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। এর জন্য শুধু শ্রেণিকক্ষে বা পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।’ বাংলাদেশ দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে বলে এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন ড. মিলন।
উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বিশ্বের ৯৫টি দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে। সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।