সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ পিএম
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—এমনই তীব্র ক্ষোভ ও শোকের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে নিহতের পরিবার এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।


​মঙ্গলবার (৬ই অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।


​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও আশ্রয়ে সাতক্ষীরায় কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। ২রা অক্টোবর রাতে জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে ব্যানার ও স্মারকে উল্লেখ করেন আন্দোলনকারীরা।


​বক্তারা অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং নির্মূলে স্থানীয় প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।


​মানববন্ধন শেষে একটি ক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাকারিয়ার ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা না হলে আগামীতে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচির ডাক দেওয়া হবে।  

আপনার জেলার সংবাদ পড়তে