সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ; আসামি গ্রেপ্তার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ পিএম
সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ; আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগর উপজেলার কাদিরপাড়ায়  লুৎফর রহমান (৬৮) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার কাদিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান ওই গ্রামের মৃত মতো আলীর ছেলে। 

মামলার বাদী ভুক্তভোগী ওই শিশুর মা জানান, তিনি আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করেন এবং তার স্বামী একজন ভ্যানচালক। কাদিরপাড়া গ্রামে সাগরিকা বেগমের বাড়িতে স্বামী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকেন তিনি। ঘটনার দিন সোমবার বিকালে মেয়েকে ঘরে একা রেখে তিনি কবিরাজ দেখাতে এবং তার স্বামী ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সুযোগে প্রতিবেশী লুৎফর রহমান ঘরের ভেতরে ঢুকে তাদের সাত বছর বয়সি মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। 

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পর ধর্ষণ চেষ্টার বিষয়ে মেয়ে সব কিছু জানালে লুৎফর রহমানকে প্রশ্ন করা হয়। এসময় তিনি প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। সুবিচার পাওয়ার আশায় রাতে লুৎফর রহমানের বিরুদ্ধে অভয়নগর থানায় এজাহার দায়ের করেছি। 

আটক লুৎফর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। 

এ বিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের পর আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।  বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে