শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আদর্শ শিক্ষক হতে হবে: সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:৪৪ পিএম
শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আদর্শ শিক্ষক হতে হবে: সেলিম রেজা

পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা বলেছেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের মান-মর্যাদা এবং গৌরব কোনভাবেই ক্ষুণ্ন করা যাবেনা। তবে শিক্ষকদের সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে তাকে একজন আদর্শ শিক্ষক হতে হবে। অন্যথায় তাকে কেউ কখনও সম্মান করবেনা। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উগ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বাবুল আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান, প্রাক্তন অধ্যক্ষ নাদের হোসেন, অধ্যক্ষ শিবলী ইমরান, মাদ্রাসা সুপার মাহতাব উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। শেষে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে