চাটমোহরে দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায় কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:০১ পিএম
চাটমোহরে দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায় কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে থাকা পাবনার চাটমোহরে কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের (পাঠদান) সময়সূচি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এসকল শিক্ষাপ্রতিষ্ঠান কখন শুরু এবং কখন ছুটি-সে প্রশ্ন সকলের। কারণ পাবনার চাটমোহর উপজেলার কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান স্বল্প সময়ের জন্য খোলা হয়,আবার দুপুরের আগেই সেগুলো বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শিক্ষকরা আসেন ইচ্ছেমতো,আবার চলেও যান ইচ্ছেমতো। তারা নাকি শিক্ষাপ্রতিষ্ঠানে সময় দেওয়ার চেয়ে ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করেন। উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও কলেজের সময়সূচি পর্যালোচনা করে দেখা গেছে,কোন শিক্ষাপ্রতিষ্ঠানই বিকেল ৪টার আগে বন্ধ করা হয়না। ব্যতিক্রম শুধু কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে। সরকারি নিয়মে নয়,এসকল প্রতিষ্ঠান চলে যেন শিক্ষকদের মর্জির উপর। চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই,চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,হান্ডিয়াল এম এ সামাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ছাইকোলা এম এ আউয়াল টেনিক্যাল স্কুল এন্ড কলেজ,আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ অন্যান্য কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের একই অবস্থা। এমপিওভুক্ত এসকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিমাসে লাখ লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করলেও,প্রতিষ্ঠানে অবস্থান ও পাঠদানে রয়েছে চরম অবহেলা। গত দুইদিন চাটমোহর উপজেলার ৪টি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে এমন তথ্যই মিলেছে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পরিদর্শনকালে দেখা গেছে,প্রতিষ্ঠান ৪টির সকল ক্লাস রুম বন্ধ। প্রতিষ্ঠান প্রধান নেই। শিক্ষকবৃন্দ আগেই চলে গেছেন। দু’চারজন প্রতিষ্ঠানের মাঠে অবস্থান করছেন। কয়টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখার বিধান-এমন প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি। একটি প্রতিষ্ঠানের একজন শিক্ষক গর্বের সাথে বললেন,পরীক্ষা ছিল,পরীক্ষা শেষ,তাই চলে গেছে সবাই,আমরাও যাচ্ছি। সরকারি বিধান ও এমপিও নীতিমালা অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠানই নির্ধারিত সময় শুরু ও নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার কথা। কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই। কিন্তু চাটমোহরের কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সে নিয়ম মানছেনা বলে অভিযোগ। চাটমোহরের সকল কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি ও প্রস্থান নিয়ে কথা ওঠে। কিন্তু কোন তদারকি করা হচ্ছেনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি ও পদক্ষেপ গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের।

আপনার জেলার সংবাদ পড়তে