গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আতোয়ার রহমানকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাতে বাদিয়াখালী ইউনিয়নে মো. আতোয়ার রহমানের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোতালেবের নেতৃত্বে একটি দল অটোরিকশাযোগে এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে বাড়ির শয়নকক্ষে মো. আতোয়ার রহমানকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছে গলানো ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মো. আতোয়ার রহমান ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় তার ভাতিজাসহ কয়েকজন আত্মীয়-স্বজন জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মো. আতোয়ার রহমান বাংলাদেশ ছাত্রলীগের বাদিয়াখালী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাদিয়াখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বাদিয়াখালী ইউনিয়ন শাখার সাবেক নমিনী ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাদিয়াখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।